কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দলটির সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ ও উত্তেজনা এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট নগরীতেও এই ইস্যুতে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। কোন ইস্যূতে যাতে সংগঠনটির নেতাকর্মীরা সড়কে নামতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
মো. মনজুরুল আলম বলেন, ‘আমরা এখন পর্যন্ত এই রকম কোনো আদেশ পাইনি। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেকোনো বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
তিনি বলেন, গত মঙ্গলবারের একটি মিছিলের ঘটনায় আমরা নগরীতে পুলিশের নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে এই রকম কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। নগরীতে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার সকালে নগরীর নবাবরোড এলাকায় মিছিল করেন দলটির ৬০-৭০ জন নেতাকর্মী। ঝটিকা মিছিলটির পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে আটক হন আরও দুইজন।
মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ জনের নামোল্লেখসহ ৪০/৪৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। ওই মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।




প্রতিদিন প্রতিবেদক


