কাল (১৭ জুন, বুধবার) শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী হিসেবে এই সফর ঘিরে প্রশাসন ও রাজনৈতিকভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপণা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের সৌন্দর্য বৃদ্ধিতে পৌরসভার উদ্যোগে যততত্র ব্যানার ফেস্টুন অপসারণ, দেয়াল ও ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের বিভিন্ন দেয়ালে ‘সবার আগে বাংলাদেশ লেখা আলপনা চিত্রিত করা হয়েছে। এছাড়া সোমবার রাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে স¦াগত জানিয়ে মিছিল করেছে। সবমিলে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে। প্রাথমিক ভাবে ১নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের কর্মসূচীর আওতায় আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে উপকারভোগীদের তথ্য যাচাই বাছাই করে তালিকা চুড়ান্ত করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার মো. সোয়েব আহমেদ জানান, কর্মসূচীর আওতায় ফ্যামিলি কার্ড বিতরনের তৃতীয় ধাপে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ১শ’ ৫৫ পরিবারের সদস্য চুড়ান্ত তালিকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে ১০ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এসময় আরো ৫ জনকে অপেক্ষমান রাখা হবে। ফ্যামেলি কার্ডের আওতায় সুবিধা বঞ্চিতরা মাসিক ২ হাজার ৫শ’ টাকার আর্থিক সুবিধা ভোগ করবেন।
এছাড়া, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিয়াস, ষ্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসিয়াসে আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার, ক্ষুদ্র জাতি সত্ত্বা নৃ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৫ জনকে ১০ হাজার, ক্ষুদ্র জাতি সত্ত্বা নৃ জনগোষ্ঠীর ৫ শিক্ষার্থীকে ১০ হাজার, চা শ্রমিকদের টেকসই আবাসন নির্মানে ৫জনকে ২ লাখ করে এবং দুঃস্থ অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন বিশেষ অনুদানের আওতায় ১শ’ জনকে ১০ হাজার টাকার চেক বিতরণ করবেন।
স্থানীয় সংসদ সদস্য (মৌলভীবাজার -৪) মুজিবুর রহমান চৌধুরী মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীমঙ্গলের মানুষ এখন উন্মুখ হয়ে আছেন।




শ্রীমঙ্গল প্রতিনিধি



