হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টায় তিনটি বগি উদ্ধার করা হয়েছে। আর বাকি বগিগুলো উদ্ধারে কাজ করছেন রেলওয়ের উদ্ধারকর্মী। দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এ কথা বলেন রেলওয়ের বিভাগীয় ম্যানেজার এ বি এম কামরুজ্জামান। রেলওয়ের কর্মকর্তা জানান, তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবির (৫৫) সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বেলা ১১টা পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারে কাজ চলছে। আর একটি বগি খাদে পড়ে আছে। বিকেল দিকে উদ্ধারকাজ শেষ হতে পারে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশনমাস্টার লিটন চন্দ্র দে বলেন, ‘উদ্ধারকাজ দ্রুত করা হচ্ছে, যাতে রেল যোগাযোগ চালু করা যায়। এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করি, বিকেলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।’
উল্লেখ্য, বুধবার (১ এপ্রিল) জ্বালানি তেলভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।




প্রতিদিন ডেস্ক



