আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ খান জামাল'র প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৯ মার্চ) বিকাল তিনটার সময় সিলেট জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করার জন্য আব্দুল গাফফার'র নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেন।
বাকি সব প্রার্থীর প্রার্থীতা বৈধ রয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।
প্রার্থীতা বাতিলের বিষয়ে সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন, 'আমার সাথে অন্যায় আচরন করা হয়েছে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদ থেকে আমার পদত্যাগ পত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছিলাম তাঁরা সেটা গ্রহন করেননি। তাছাড়া বিভিন্ন উপজেলায় একাধিক অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে ও অনেক নেতৃবৃন্দ বিএনপিতে নির্বাচন করেছেন। আমার বেলায় ব্যতিক্রম কেনো? বিএনপির এই সিদ্ধান্তে আমি হতাশ। তবে দলের বৃহত্তর স্বার্থে আমি কাজ করে যাবো।'
সিলেট জেলা বিএনপির ২১ মার্চ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল।
সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক শামিম আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, মুজিবুর রহমান মুজিব, সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ।
সভাপতি পদে নির্বাচন করছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।




প্রতিদিন ডেস্ক



