সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার কাজে ধীরগতির কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেছেন পরিবহণ শ্রমিকরা। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (১৯ মার্চ) বিকেলে এমন সিদ্ধান্তের কথা এই প্রতিবেদককে জানিয়েছেন বিশ্বনাথ-জগন্নাথপুর ও বিশ্বনাথ-রামপাশা বৈরাগী সড়কের বাস মিনিবাস শ্রমিক সংগঠনের সভাপতি ফজর আলী।
আগামি সোমবার সকাল ১০টায় পীরের বাজার ও মিয়ার বাজারে তাদের বাস গাড়ি সড়কে রেখে সড়ক অবরোধ করবেন। আর সেটা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে রূপান্তরিত হবে বলে তিনি জানান।
তিনি বলেন, দীর্ঘ দুই বছর ধরে সাব ঠিকাদার সোহেল খান সংশ্লিস্ট উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আতাত করে তার ইচ্ছে মতো সময় নিয়ে বার বার সড়ক বন্ধ করে কাজ করছে। এতে শ্রমিক অতিষ্ট আর তাদের গাড়ি হচ্ছে নষ্ট। একাধিকবার মেয়াদ শেষ হলেও শেষ হচ্ছেনা এই সড়ক সংস্কার কাজ। ফলে যাত্রীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন তেমনি করে জীবনের ঝুঁকি নিচ্ছেন তাদের চালকরাও। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবিতে তারা এই সড়ক অবরোধ আর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
এব্যাপারে জানতে চাইলে সাব ঠিকাদার সোহেল খানের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্বব হয়নি।
জানতে চাইলে সড়ক সংস্কার কাজের এসও উপজেলা উপ সহকারি প্রকৌশলী ফজলুল হক বলেন, বর্তমানে কাজের গতি অনেকটা বেশী আছে। এমনভাবে চলতে থাকলে বেশীদিন লাগবেনা বলে তিনি জানান।




বিশ্বনাথ প্রতিনিধি



