সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক একাত্তরের কথা এবং দৈনিক মানবকন্ঠ’র স্টাফ ফটো জার্নালিস্ট মিঠু দাস জয় ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বন্দরবাজার রংমহল টাওয়ারের পাশে ডাব খাচ্ছিলেন মিঠু দাস জয়। এমন সময় ছিনতাইকারী ইসলাম আলী ও তার সহযোগীরা মিলে অতর্কিত হামলা চালায় মিঠু দাস জয়ের উপর। এতে মিঠু আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে পাঠান।
মিঠু দাস জয় এর সহকর্মী জিকরুল ইসলাম বলেন, ‘মিঠু দাস জয় এর উপর ছিনতাইকারীদের নগ্ন ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
এবিষয়ে সিলেট কোতোয়ালী থানার ডিউটি অফিসার জানান, ‘হামলার কথা শুনেছি। লিখিত অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




প্রতিদিন ডেস্ক



