সিলেটজুড়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সিরিজ বর্ধিত সভা। মঙ্গলবার সিলেট বিভাগের তিনজেলার এ কর্মসূচির আপাতত ইতি ঘটছে। বাকী কেবল সিলেট। সেই চিন্তাভাবনাও আছে আওয়ামী লীগের। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সভাটি হতে পারে আগামী ঈদুল ফিতরের দু’সপ্তাহ পরে। সে লক্ষ্যেই এগুচ্ছেন নেতৃবৃন্দ।
গত শনবিার (১২ মার্চ) হঠাৎ সিলেট আসেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদসহ আরও ৩ কেন্দ্রীয় নেতা।
তারা হলেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
দলটির এত গুরুত্বপূর্ণ নেতা একসাথে সিলেট আসার খবরে ব্যাপক সাঁড়া পড়ে যায় সিলেট বিভাগজুড়ে আওয়ামী ঘরারানার নেতাকর্মীদের মধ্যে। উদ্দেশ্যটা যখন পরিস্কার হয়, তখন বিষয়টাকে দারুন ইতিবাচকভাবেই নিয়েছেন সিলেটের নেতাকর্মীরা।
তাদের মতে, নাহিদ নানক হানিফ আহমদ হোসেনের মতো নেতা একসাথে সিলেট আসার বিষয়টি দলটির মাঠপর্যায়ে দারুন ইতিবাচক প্রভাব ফেলবে।
তাদের মতে, দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকা দলটির মাঠ পর্যায়ে কিছু কিছু সমস্যা কেবল সিলেট বিভাগই নয়, প্রায় সারাদেশেই আছে। বিশেষ করে অভ্যন্তরিন কোন্দল। এই কোন্দল দিনে দিনে বাড়তে বাড়তে একসময় মারাত্মক আকার ধারণ করার শঙ্কা উড়িয়ে দেয়া যায়না।
এ অবস্থা সিলেট বিভাগের তিন জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে একসাথে দলের ৪ জন গুরুত্বপূর্ণ নেতার সফর এবং দলীয় বর্ধিত সভায় অংশগ্রহণ সেই অভ্যন্তরিন মতবিরোধ বা কোন্দল নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমনকি, নেতৃবৃন্দ কাছে থেকে দলীয় সমস্যাগুলো যেমন চিহ্নিত করার সুযোগ পাচ্ছেন, তেমনি তা সমাধান এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিতে পারছেন। আর এতে অনেক সমস্যাই সমাধান হয়ে যাওয়ার কথা এবং তা হচ্ছেও।
সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ হয়েছে। হবিগঞ্জের শেষ হচ্ছে আজ। রইল বাকি সিলেট।
এ ব্যাপারেও নেতৃবৃন্দ অত্যন্ত সচেতন। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতৃৃবৃন্দের। বৈঠকে বর্ধিত সভার বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে উপস্থিত নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
তবে এখনো সুনির্দিষ্ট তারিখ হয়নি। এ নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদ্বয়ের বক্তব্য কিছুটা আলাদা।
যেমন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়েও কথাবার্তা চলছে। তারিখ নির্ধারণ হয়নি। তবে ঈদের দু’সপ্তাহ পরে হতে পারে।
আর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, সেটি রমজানের মাঝামাঝিতে হতে পারে।




প্রতিদিন প্রতিবেদক



