পাখির সাথে ধাক্কায় বিকল হয়ে পড়ে এয়ারক্রাফটের ইঞ্জিন। এতে আকাশে উড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ সিলেট-লন্ডন ফ্লাইট। এ কারণে ভোগান্তিতে পড়েছেন ২৬৫ যাত্রী।
আজ রোববার (৬ মার্চ) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৫ যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি লন্ডন রওনা হওয়ার কথা।
কিন্তু রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফ্লাইটটি আর ওসমানী ছাড়তে পারেনি।
জানা গেছে, ওই ফ্লাইট উড়ার আগে এয়ারক্রাফটের ইঞ্জিন কাজ করছিলনা।
কারণ খুঁজতে গিয়ে ধরা পড়ে পাখির ধাক্কা লাগার বিষয়টি। এতে সারাদিন যাত্রীদের অসহনীয় যন্ত্রণায় কাটাতে হচ্ছে। এই ফ্লাইট বাতিল হওয়ায় হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে বিমানের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বার্ড হিটের কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তাই ফ্লাইটটি যায়নি। তবে রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরনের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লাগতে পারে।




প্রতিদিন প্রতিবেদক



