পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর খয়রাতি রাষ্ট্র নয়। আমাদের কিছুটা হলেও টাকা পয়সা আছে। আর তা অর্জন করেছেন এদেশের মেহনতি মানুষ।
আজ রোববার ( ৬ মার্চ ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বিএনপির নাম উচ্চারণ না করে বলেন, একটি দল আছে বাংলাদেশে যাদের চেনা যায়না। তাদের পক্ষে কিছু মুক্তিযোদ্ধাও আছেন। দলটির নেতা দেশের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন। তারা মুখে গণতন্ত্র বলেন কিন্তু বাস্তবে তা মানেন না। তারা নির্বাচন মানেন না। নির্বাচন কমিশন মানেন না। ডিসি এসপি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দেশের আইনকানুন, কিছুই মানেননা তারা।
তিনি তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কিছুই যখন তারা মানেন না তখন কোন অধিকারে তারা এদেশে বাস করেন?
নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে বিএনপির অনীহা এবং দেশে নির্বাচন হতে না দেয়ার ঘোষণা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা না করা আপনাদের ইচ্ছা। কিন্তু কোন অধিকারে আপনারা ভোট হতে দেবেন না বলে ঘোষণা করেন? এমনটা বলবেন কেন? এটিতো ফৌজদারি অপরাধ।
এরপরই উঠে আসে বিদেশে বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে অর্থসহায়তা না দেয়ার আহ্বান জানানোর বিষয়টি। পরিকল্পনামন্ত্রী বলেন, কোন অধিকারে আপনারা বিদেশে টিঠি দিয়ে অর্থ সহায়তা না দেয়ার আহ্বান জানান? দেশের এবং দেশের মানুষের ক্ষতি করবেন কেন?
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর খয়রাতি রাষ্ট্র নয়। এখন আমাদের অল্প হলেও সম্পদ হয়েছে। এদেশের মানুষ এই সম্পদ অর্জন করেছেন। দেশের বাইরে লাখ লাখ মানুষ কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠাচ্ছেন। দেশে কাজ করছেন বাংলার মেহনতি কৃষক শ্রমিক মজুর। তারা দেশটাকাকে স্বনির্ভর করেছেন। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন। আর আমাদের সবাইকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের বাইরে এমন চিঠি দিয়ে আমাদের ভাবমুর্তি নষ্ট করছেন কোন অধিকারে?
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশ্বনাথ-ওসমানীনগরের সাবেক সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।




প্রতিদিন প্রতিবেদক



