সিলেট- জকিগঞ্জ সড়কে অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহার, সরকারী বিআরটিসি বাস চালুসহ ৫ দফা দাবীতে রোববার জকিগঞ্জের এমএহক চত্বরে সর্বদলীয় মহা-সমাবেশ অনুষ্ঠিত হবে।
জকিগঞ্জের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি নিয়ে গঠিত জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের ডাকে এ মহা-সমাবেশে সরকারী দল আওয়ামী লীগসহ বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে সরকার আন্তঃজেলা সড়কে বাস ভাড়া বৃদ্ধি করলেও উপজেলা পর্যায়ের সড়ক সিলেট-জকিগঞ্জ সড়কে মালিক সমিতি স্ব-ঘোষিত তালিকায় অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। এনিয়ে প্রতিদিন কোন না কোন গাড়ীতে যাত্রী ও হেলপারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ সভাপতি কাজী হিফজুর ও সদস্য সচিব আজমল হোসেন জানান, জকিগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ শুরু থেকেই এ তালিকা প্রত্যাহারের দাবী জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা, মানববন্ধন কর্মসূচি পালন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় এমপির কাছে স্বারকলিপি প্রদান করছে। বিষয়টির সঠিক সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত মাঠের আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি আমরা।
তারা জানান, রোববারের মহা-সমাবেশ থেকে তাদের ৫ দফা দাবী আদায়ে হরতাল-অবরোধের মত কঠিন কর্মসূচির ঘোষণা আসতে পারে। ৫ দফা দাবীর মধ্যে মালিক সমিতি নির্ধারিত অযৌক্তিক ভাড়া প্রত্যাহার, বিআরটিসি বাস চালু, পরিবহণ শ্রমিক কর্তৃক যাত্রী হয়রানী বন্ধ করা, ছাত্র-ছত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ ও নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহণ বন্ধ করার কথা উল্লেখ রয়েছে।




জকিগঞ্জ প্রতিনিধি



