সিলেট- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক নেতা শফি আহমদ চৌধুরী বলেছেন, আমার সাথে সবাই বেঈমানী করেছে। সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে সরে গেছে।
তিনি বলেন, দল থেকে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে, তবে আমি আর বিএনপি করবো না, নির্বাচনও করবো না।
তিনি শনিবার (৫ মার্চ) সকালে দক্ষিণ সুরমা উপজেলায় লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সম্মানে সংবর্ধনা ও ৫তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
শফি আহমদ চৌধুরী বলেন, ‘উন্নয়নের স্বার্থে সবািইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এলাকার উন্নয়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন, সেজন্য আমাদের তাকে সমর্থন করতে হবে।
তিনি বলেন, আমি উন্নয়নের জন্য তাকে সমর্থন করি, আপনাদেরও উচিত উন্নয়নের জন্য সবার ‘হাবিবের পার্টি’ করা।
তিনি আরও বলেন, হাবিবুর রহমান হাবিবকে আমি আগে চিনতাম না, নির্বাচনের সময় ও এর পরে তার কর্মকান্ড আমার ভালো লেগেছে। আমি কোন দল বুঝি না, উন্নয়নের জন্য প্রয়োজন হলে আগামী নির্বাচনে আমি তার পক্ষে কাজ করবো।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা মনির আহমদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রতিদিন প্রতিবেদক



