আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গত ১৩ বছরে মানুষের আয় বেড়েছে সাড়ে ৪ গুণ। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ, মধ্যম আয়ের মানুষের বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে দ্বিগুণ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ছাত্র রাজনীতি করার সময় আমি স্লোগান দিয়েছি, শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। আজকের সময়ে শ্রমিকের মজুরি কমপক্ষে ১২ কেজি চালের মূল্যের সমান। তাই দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে ক্রয়ক্ষমতাও বেড়েছে।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন-২০১৮’ -এ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। সেখানে বড় কোনো পরিবর্তন আসেনি। কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের দ্বিমত রয়েছে, এ ধরনের বিষয়গুলো চিহ্নিত করে সংসদীয় কমিটির বৈঠকে সংশোধন করা হবে। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে নবম ওয়েজবোর্ড কার্যকর করতে হবে। মালিকপক্ষ আদালত থেকে যে আদেশ এনে ওয়েজবোর্ড দিচ্ছে না, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক নেতাদের ওয়েজবোর্ড কার্যকর না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক বিজ্ঞাপন ও অন্যান্য সুবিধা বন্ধ রাখার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করে কীভাবে কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
ড. হাছান আরও বলেন, মিডিয়াতে অনেকদিন ধরে বিশৃঙ্খলা জমে রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করেছি। যার ফলে মালিকরা লাভবান হচ্ছেন। তাদের চ্যানেলের সিরিয়াল করা হয়েছে, এ কারণে ক্যাবল অপারেটরদের কাছে আর জিম্মি হতে হচ্ছে না। ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাংবাদিকদের কল্যাণে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ গঠন করেছেন।
যার ফলে সরকার দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা দিচ্ছেন। শিগগিরই এই ট্রাস্টের একটি নীতিমালা প্রণয়ন করা হবে, যেন সঠিকভাবে প্রকৃত সাংবাদিকরা সেবা পায়।
ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।




প্রতিদিন ডেস্ক



