শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সুনামগঞ্জের কৃতিসন্তান ফখর উদ্দিন আহমদ আমেরিকার টিউলিন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় জুবিলীয়ান ৯৯ ব্যাচের সহপাঠীদের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা আটটায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের সাবেক গভর্নর লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক এএইচ আরিফ। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সুনামগঞ্জের জুবিলীয়ান ৯৯ ব্যাচের ড. ফখর উদ্দিনের সহপাঠী লিটন সরকার, পার্থ তালুকদার, কল্লোল গোস্বামী, শংকর, হাবিবুর রহমান, আরিফ জাহান মামুন, শ্রীকান্ত দে, রুপক তালুকদার, রিন্টু চক্রবর্তী, হিমাংসু, সোহেল রানা, আবুল কাশেম, ইমরান, লিয়াকত, শাহিনুল ইসলাম, রাজিব পাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে অনেকেই বিলাসবহুল জীবনযাপন করতে বিদেশের মাটিতে থেকে যান। কিন্তু ফখর উদ্দিন ডক্টরেট ডিগ্রি অর্জন করার পর বিদেশে না থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য ছুটে এসেছেন। সুনামগঞ্জের কৃতিসন্তান ড. ফখর উদ্দিন বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষাঙ্গনে অবদান রাখবেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ সফলতার সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করায় অধ্যাপক ফখর উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়ে বলেন, আমেরিকার টিউলিন ইউনিভার্সিটি থেকে ফকর উদ্দিন যে গবেষণালব্দ জ্ঞান অর্জন করেছেন তা এদেশের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে মানব কল্যাণে কাজ করবেন। নিজ এলাকা সুনামগঞ্জের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে তিনি সংবর্ধিত অতিথিসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।




প্রতিদিন ডেস্ক



