মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

কানাইঘাটে যৌতুকের বলি জুলফা, স্বামী- শ্বাশুড়ীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৯:৩৪:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
33

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফতেহপুর গ্রামে গত মঙ্গলবার যৌতুকের জন্য ৩ সন্তানের জননীকে নির্যাতন করে হত্যার ঘটনায় কানাইঘাট থানায় স্বামীসহ শ্বাশুড়ীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় নিহত জুলফা বেগম চৌধুরীর (২৯) ভাই, স্থানীয় তালবাড়ী কোনাগ্রামের মাহমুদুর রহমান চৌধুরীর ছেলে আহমদ চৌধুরী বাদী হয়ে তার বোনের স্বামী ফতেহপুর গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে আবুল হাসান ফাহিম (৩৫) ও তার মা রাশিদা বেগমকে (৫৫) আসামী করে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগটি এফআইআর করেছে ( থানার মামলা নং-১৯/২৪/২/২২)।

মামলা সূত্রে জানা যায়, যৌতুকের জন্য বিয়ের পর থেকে ৩ সন্তানের জননী জুলফা বেগম চৌধুরীকে প্রায়ই তার স্বামী আবুল হাসান ফাহিম তার মায়ের প্ররোচনায় অমানসিক নির্যাতন করতেন। দাবী অনুযায়ী কয়েকবার পিত্রালয় থেকে যৌতুক বাবদ অনেক টাকা স্বামীকে এনে দিয়েছেন জুলফা বেগম। স্বামীর অমানসিক নির্যাতনের কারণে একবার জুলফা বেগমকে বাড়ীতে নিয়া আসেন তার পিতা মাহমুদুর রহমান চৌধুরী। পরে স্বামী, স্ত্রীকে আর নির্যাতন বা যৌতুক চাহিবেন না,  এমন অঙ্গীকার করে জুলফাকে তার বাড়ীতে নিয়ে যান।

সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আবারও মোটা অংকের যৌতুকের জন্য আবুল হাসান ফাহিম তার মা রাশিদা বেগমের প্ররোচনায় স্ত্রী জুলফা বেগমকে শারীরিক নির্যাতন শুরু করলে জুলফা তার মাকে মোবাইল ফোনে উদ্ধারের জন্য কান্নাকাটি করেন।

সকাল ১০টার দিকে জুলফার পরিবারের কয়েকজন সদস্য তার স্বামীর বাড়ীতে গিয়ে তাকে চাদরে ঢাকা অবস্থায় দেখ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আবুল হাসান ফাহিম গা ঢাকা দিয়েছেন। জুলফা বেগমের লাশ ময়না তদন্তের পর দাফন করা হয়। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে কানাইঘাট থানা পুলিশকে অবহিত করা হয়।

পরে বৃহস্পতিবার থানায় অভিযোগ দাখিলের পর মামলাটি রেকর্ড করে পুলিশ।

জুলফা বেগম চৌধুরী হত্যা মামলার পলাতক আসামী তার স্বামী আবুল হাসান ফাহিম ও মা রাশিদা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স