সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিশ্বনাথের সোনা মিয়া হ.ত্যা মা.ম.লার ২ আ.সা.মী গ্রে.ফতা.র

  • প্রকাশের সময় : ২৩/১১/২০২৬ ১৯:৩১:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

সিলেটের বিশ্বনাথে সংঘবদ্ধ হামলায় সোনা মিয়া নামের একজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের জকিগঞ্জ থানাধীন মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বিশ্বনাথ থানার দিঘলী দত্তপুর এলাকার মৃত নরী চন্দের ছেলে হেলন চন্দ (৪০) ও একই এলাকার নগেন্দ্র কুমার চন্দের ছেলে পিযুষ চন্দ (৫০)।


ঘটনার বিবরণ উল্লেখ করে এসআরবি জানায়, নিহত সোনা মিয়া সিলেটের বিশ্বনাথ থানাধীন মান্দাবাজ এলাকার বাসিন্দা। গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে একই এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা নিয়ে তাঁর ভাতিজা অটোরিকশাচালক রুবেল আহমদের সঙ্গে ১ নম্বর বিবাদী কাঞ্চন চক্রবর্তীর কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাঞ্চন চক্রবর্তীর নির্দেশে অন্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেল আহমদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনার খবর পেয়ে সোনা মিয়া ও পরিবারের অন্য সদস্য নাজমা বেগম, জয়নাল মিয়া ও তারেক আহমদ ঘটনাস্থলে গেলে বিবাদীরা তাঁদের ওপরও সংঘবদ্ধভাবে হামলা চালায়। 


পরে আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাঁদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা সোনা মিয়াকে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথ থানার মামলা নম্বর-১১, তারিখ ১২ নভেম্বর ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৫৪/৩০৭/১১৪/৫০৬(২) ধারায় দায়ের করা এবং পরবর্তী সময়ে ৩০২ ধারা সংযোজিত হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর ও ৫ নম্বর পলাতক আসামিদের গ্রেফতার করে।


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স