উপমহাদেশের প্রখ্যাত দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. রাগীব আলী সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা বাস্তবায়ন পরিষদ, সিলেট-এর উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মধুবন সুপার মার্কেটস্থ ষষ্ঠতলায় রাগীব-রাবেয়া মিউজিয়ামে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় দানবীর ড. রাগীব আলীকে সংবর্ধনা প্রদান একটি সময়োপযোগী পদক্ষেপ। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের অগ্রযাত্রার পেছনে দানবীর ড. রাগীব-আলীর নাম অবিস্মরণীয় বলে উল্লেখ করেন তিনি।
সিসিক প্রশাসক বলেন, বরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী একজন সফল মানুষ। ব্যাংক-বীমা, চা শিল্পসহ বিভিন্ন সেক্টরে রয়েছে তাঁর পদচারণা। তিনি একজন সফল উদ্যোক্তা। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি অনগ্রসর শ্রেণির মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মযজ্ঞ সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সমাজসেবামূলক কর্মকান্ডের কারণে রাগীব আলী আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে উল্লেখ করেন তিনি। দানবীর ড. রাগীব আলীর সুযোগ্য নেতৃত্ব সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সিলেটের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিসিক প্রশাসক।
সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা হুমায়ূন কবির শাহীনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এস এম আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের আহবায়ক মো. লুৎফুর রহমান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে দেশবরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে যেতে চাই। তিনি বলেন, সিলেট একটি সমৃদ্ধ এলাকা। এই অঞ্চলের রয়েছে অপার সম্ভাবনা। দল মত, বর্ণ, শ্রেণি পেশার ঊর্ধ্বে উঠে সিলেটের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ঐতিহ্যবাহী সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি দানবীর ড. রাগীব আলীকে অভিনন্দন জানান। তিনি বলেন, দানবীর ড. রাগীব আলী উন্নয়ন ও অগ্রযাত্রার এক অবিচ্ছেদ্য নাম। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। সিলেটে উচ্চ শিক্ষা বিস্তারে দানবীর ড. রাগীব আলীর ভূমিকা চিরঅম্লান হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর বলেন, দেশে ধনাঢ্য শিল্পপতির সংখ্যা অনেক। কিন্তু, তাদের সম্পদ সাধারণ মানুষের কাজে লেগেছে এমন বিত্তবান হাতে গোনা। এ ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রমী দানবীর ড. রাগীব আলী। তিনি নিজের অর্জিত সম্পদ মানবতার কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। দানবীর রাগীব আলী সিলেট প্রেসক্লাবের উন্নয়নেও অবদান রেখেছেন। সিলেটে পুলিশ অফিসার্স মেসটিও তার অর্থে নির্মিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম বলেন, শিক্ষা বিস্তারসহ মানবসেবামূলক কর্মকান্ডে নিরলস প্রচেষ্টা চালিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছেন দানবীর ড. রাগীব আলী।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দানবীর ড. রাগীব আলী সিলেটের কৃতি সন্তান। সারা দেশেই তাঁর মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তাঁর অভিজ্ঞতা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কর্মকান্ডকে আরো বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান বলেন, দানবীর ড. রাগীব আলীর দূরদর্শী নেতৃত্ব সিলেট বিভাগের শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দানবীর ড. রাগীব আলী একজন সফল সংবাদপত্রসেবী। তিনি বেসরকারি উদ্যোগে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা না করলে সিলেটে চিকিৎসক সংকট বিরাজ করতো।
বিশেষ অতিথি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এস এম আনোয়ারুল ইসলাম বলেন, সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে দানবীর ড. রাগীব আলীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সময়ের দাবি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, ঢাকা সমিতি সিলেটের সভাপতি আলমগীর হোসেন, সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন রাজু, বাস্তবায়ন পরিষদের সদস্য এসএম মোজাম্মেল, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের আলহাজ আতাউর রহমান খান সমছু, জাতীয় যুব পদকপ্রাপ্ত নজরুল ইসলাম, আব্দুল জলিল চৌধুরী সামায়ুন প্রমুখ।
অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলী সংবর্ধনা স্মারক ২০২৬ ‘দীপ্যমান’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের সদস্য ধ্রুব গৌতম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি ফয়জুল হক জালালাবাদী। এছাড়া, অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীকে নিবেদিত গান ও কবিতা পরিবেশিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা হুমায়ূন কবির শাহীন বলেন, সমাজের অগ্রযাত্রায় কিছু মানুষ স্বতন্ত্র পরিচিতি অর্জন করেন। তেমনি একজন মানুষ দানবীর ড. রাগীব আলী। এই সম্মানিত ব্যক্তিকে ভবিষ্যতে বৃহৎ পরিসরে সংবর্ধনা দেয়া হবে। তিনি দানবীর ড. রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত নেতৃবৃন্দের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারা হলেন-মানব সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এর সাবেক কো-চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাক এর সাবেক সম্পাদক মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম লাকী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, হাজী আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মোহাম্মদ আলী, আজীবন সদস্য আলহাজ্ব আবলুছ মিয়া (তিতা শাহ), নজিবুর রহমান নিরু, বাবর শাহ আলম, আব্দুর রব খান ও দেলোয়ার হোসেন।




প্রতিদিন ডেস্ক



