সিলেটে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ী ১৫৫ পিস, পাতার বিড়ি ৩৩৬০ প্যাকেট ও নিভিয়া লোশন ৬৪ পিস জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজারমূল্য এগারো লক্ষ তিন হাজার আটশত টাকা।
একইদিন বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)'র ডোনা বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সুপারির সিজারমূল্য ২৪ হাজার টাকা।
এছাড়াও, শুক্রবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ৩৬০ কেজি ও চা পাতা ৭০ কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরা ও চা পাতার সিজারমূল্য ৪ চার লক্ষ সাতষট্টি হাজার টাকা।
উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য পনের লক্ষ চুরানব্বই হাজার আটশত টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




প্রতিদিন প্রতিবেদক



