সিলেট নগরীর রিকাবীবাজার কাঁচাবাজারের ব্যবসায়ী ও আল-জেদ্দা অ্যাম্বুল্যান্স সার্ভিসের শেয়ারহোল্ডার মোঃ রুবেল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রিকাবীবাজার ইউনিট।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুবেল আহমেদ দক্ষিণ কাজলশাহ এলাকার বাসিন্দা চুনু মিয়ার দ্বিতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন রুবেল আহমেদ। তাঁকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সঙ্গীদের সঙ্গে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। তবে পথে আবারও অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্টে রেখে তাঁর চিকিৎসা ও ডায়ালাইসিস চলছিল। অবশেষে ১৯ অক্টোবর দিবাগত রাতে তিনি মারা যান। মাত্র নয় মাস আগে বিয়ে করেছিলেন রুবেল আহমেদ।
মৃত্যুকালে তিনি মা-বাবা, ভাই-বোন ও সন্তানসম্ভবা স্ত্রী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ জোহর পিডিবি জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাগবাড়ি নরশিংটিলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এক শোকবার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রিকাবীবাজার ইউনিটের সভাপতি মোঃ জাহেদ আহমদ রুবেল ও সেক্রেটারি মোঃ কবির আহমদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদাউস দানের প্রার্থনা করেন।




প্রতিদিন ডেস্ক



