সারাদেশের ন্যায় সিলেটেও বিপুল উৎসবের মধ্য দিয়ে একসাথে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপুজার মহাসপ্তমী ও মহাঅষ্টমী । সোমবার (১৯ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের মতো দুর্গোৎসবের মহাসপ্তমীর আনুষ্ঠানিকতার সাথে অনুষ্ঠিত হয় মহাঅষ্টমী ও কুমারী পূজা।
সিলেটে ৫১ পীঠের অন্যতম মহাপীঠ নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় কুমারীপুজার মূল অনুষ্ঠান শুরু হয়েছে।
দেবী দুর্গার আরাধনা, চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহাঅষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা ও অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা।
সোমবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার পূজা-অর্চনা। দিনভর পূজামণ্ডপগুলোতে ভক্তদের সমাগম, পুষ্পাঞ্জলি নিবেদন এবং ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সনাতন ধর্মালম্বীরা জানান, মহাঅষ্টমীর অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন কুমারী পূজা। সনাতন ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গা বা আদ্যাশক্তির প্রতীকী উপস্থিতি কল্পনা করে পূজা করা হয়। নারীশক্তির প্রতি শ্রদ্ধা, নারীর মর্যাদা এবং সৃষ্টির শক্তির বন্দনা এই পূজার অন্যতম তাৎপর্য।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এ বছর সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪৬টি ও পারিবারিক আয়োজনে ১৬টি পূজো অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে সিলেট মহানগর এলাকায় সর্বমোট ১৬২টি মন্ডপে পূজো অনুষ্ঠিত হচ্ছে। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন পূজো হবে ৪৭৪টি এবং পারিবারিক পূজো হবে ২৬টি। সিলেট জেলার সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে সর্বমোট ৪৭৪টি পূজো হচ্ছে। সিলেট জেলা এবং সিলেট মহানগর মিলিয়ে সর্বমোট ৬৩৬টি মন্ডপে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজিত হচ্ছে।
এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সার্বজনীন ৫৮টি ও পারিবারিক ৫টি, বালাগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩০টি ও পারিবারিক ৩টি, কানাইঘাট উপজেলায় সার্বজনীন ৩৫টি, জৈন্তাপুর উপজেলায় সার্বজনীন ২০টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় সার্বজনীন ৪০টি ও পারিবারিক ১টি, বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন ২৩টি ও পারিবারিক ৩টি, গোয়াইনঘাট উপজেলায় সার্বজনীন ৪০টি, জকিগঞ্জ উপজেলায় সার্বজনীন ৯৩টি ও পারিবারিক ২টি, বিয়ানীবাজার উপজেলায় সার্বজনীন পূজা ৪২টি ও পারিবারিক ১২টি, কোম্পানীগঞ্জ উপজেলায় সার্বজনীন ২৮টি এবং ওসমানীনগর উপজেলায় সার্বজনীন পূজা ৩৯টি। সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা এলাকায় সার্বজনীন পূজো হবে ৩১টি ও পারিবারিক ১১টি, জালালাবাদ থানায় সার্বজনীন ১৯টি ও পারিবারিক ২টি, এয়ারপোর্ট থানা এলাকায় সার্বজনীন ৩৯টি ও পারিবারিক ১টি, শাহপরাণ (র.) থানা এলাকায় সার্বজনীন ২৫টি ও পারিবারিক ১টি, দক্ষিণ সুরমায় সার্বজনীন ১৫টি ও এবং মোগলাবাজারে সার্বজনীন ১৭টি ও পারিবারিক ১টি পূজো অনুষ্ঠিত হচ্ছে।




প্রতিদিন প্রতিবেদক



