শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে দেশের অন্য উপজেলাসমূহের মতো সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাতেও শুক্রবার (১২ জুন) সকাল থেকে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “Start-up, Science Project and Innovation Ideas Showcasing” কর্মসূচি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন Secondary Education Development Program (SEDP)-এর আওতায় Educational Excellence Support Scheme (EESS) এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাস জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষকদেরও পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান দলগতভাবে অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ও দু’জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রজেক্ট নির্বাচন, উন্নয়ন, বাস্তবায়ন এবং সম্ভাব্য প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে পরামর্শ, তত্ত্বাবধান ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
উপজেলার অংশগ্রহণকারী প্রকল্পগুলোর মধ্য থেকে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩টি দল নির্বাচন করা হয়। তবে প্রথম স্থান অর্জনকারী দলই জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ের অনুষ্ঠান স্বশরীরে অবস্থান করে প্রত্যক্ষ করার সুযোগ লাভ করবে।
একাডেমিক সুপারভাইজার রীমা দাস জানিয়েছেন, আগামী ১৪ জুন সিলেটের সকল উপজেলাসহ দেশের উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহণে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর ২৮ জুন জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন এবং তৎপরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমুহের শিক্ষকরা আশা প্রকাশ করেন, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রাণিত করবে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো: এমদাদুল হক শরীফ শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি দেশ গঠনে তাদেরকে যোগ্য হয়ে গড়ে ওঠার আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলমসহ শিক্ষা প্রতিষ্ঠানসমুহের প্রধান ও সহকারী শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ হোসনে আরা জেমি।




প্রতিদিন ডেস্ক



