সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আলীম।
প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী প্রদান শিক্ষক সৈয়দুজ্জামানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র মুশফেকুর রহমান তানজিম। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়, এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নেহরুবা হক। বিদায় ছাত্রছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন সামিয়া আক্তার।
দীর্ঘ ০৫ বছরের শিক্ষা জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী।এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, বিদায় মানে শেষ নয়, বরং নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের শুরু। কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের যে নৈতিক শিক্ষা তোমরা গ্রহণ করেছো, তা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে।” ছাত্রছাত্রীদের মোবাইলের ক্ষতিকারক দিক তুলে ধরে তা ব্যবহার না করার পরামর্শ দেন। তিনি সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড সদস্য আরাফাত আলী, কলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ম্যানেজিং কমিটির সদস্য সুলেমান তালুকদার, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, মুরব্বি ফজলু মিয়া যুব সংগঠক হারুন উর রশীদ, সাংবাদিক আলী হুসেন, ফখর উদ্দিন, যুবনেতা সেলাল আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।
বক্তারা বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এবার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের সর্বমোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সৈয়দুজ্জামান। উল্লেখ্য যে, আগামী ২১শে এপ্রিল ২০২৬ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।




কোম্পানীগঞ্জ প্রতিনিধি



