সিলেট বিভাগের পাঁচ উপজেলায় বজ্রপাতে একদিনেই ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার চার উপজেলা এবং হবিগঞ্জ জেলার এক উপজেলার পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া হবিগঞ্জ উপজেলার নবীগঞ্জ উপজেলায় আরও এক কৃষকের মৃত্যু হয়।
সুনামগঞ্জের ঘটনায় যারা মারা গেছেন, তারা হলেন- ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) ও দিরাইয়ের লিটন মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে হাওরে ধান কাটতে গিয়ে এ সব প্রাণহানি ঘটে। প্রতিটি উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




প্রতিদিন প্রতিবেদক



