বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এদিন সকাল সাড়ে ৮টার দিকে লাশটি ঢাকায় এসে পৌঁছায়। এ সময় নিহতের স্বজনদের আহাজারি আর শোকের আবহে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশটি গ্রহণ করা হয়।
বিমানবন্দরে উপস্থিত থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গিরিশ চন্দ্র সূত্রধরের লাশটি গ্রহণ করেন। পরে তিনি নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাশ গ্রহণের সময় স্বজনদের মধ্যে শোকের মাতম দেখা যায়। লাশ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ দেশে আনা এবং দাফন কার্যক্রম সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসাবে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে অতিরিক্ত তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া প্রবাসে কোনো বাংলাদেশি দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বিদেশগামী কর্মীদের উদ্দেশে বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করা জরুরি। এতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে। তিনি প্রবাসে কর্মরত সব বাংলাদেশির নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার শান্তি কামনা করেন।
জানা গেছে, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি কিছুদিন আগে বাহরাইনে যান। সেখানে কর্মরত অবস্থায় তিনি নিহত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, গিরিশ চন্দ্র ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সরকারের আর্থিক সহায়তা ও সহযোগিতা তাদের জন্য কিছুটা সহায়তা দেবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রবাসীদের নিরাপত্তা, অধিকার সুরক্ষা এবং দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




প্রতিদিন ডেস্ক



