সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০) নামে আটককৃত এক ভূয়া পুলিশ অফিসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এসএমপি’র দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০) গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে। বর্তমানে তিনি বিশ্বনাথ উপজেলার ইসলামপুর তাতিকোনা এলাকায় বসবাস করেন। এছাড়াও নগরীর রায়নগর এলাকার তার বাসা রয়েছে।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন এসএমপি’র দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান।
এর আগে, সোমবার রাত পৌনে আটটার দিকে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাকে আটক করে দক্ষিণ সুরমা ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায়, তিনি নিজেকে দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- ডিবি এর এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছিলেন। ঘটনার দিন তিনি একইভাবে হুমায়ুন রশিদ এলাকায় একটি রেস্টুরেন্টে উপস্থিত হয়ে চা পান করেন এবং উপস্থিত ব্যক্তিদের নিকট এসএমপি’র ডিসি (ডিবি)’র মোবাইল নম্বর জানতে চান। এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে গেলে তিনি নিজেকে এডিসি (ডিবি), ডিএমপি হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ভুয়া পরিচয়ে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেন। পরে থানা দক্ষিণ সুরমা থানা হেফাজতে নেয় পুলিশ।
এবিষয়ে ওই রেষ্টুরেন্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১২, তারিখ-১৪/০৪/২০২৬ খ্রি., ধারা-১৭০ পেনাল কোড রুজু হয়। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।




প্রতিদিন প্রতিবেদক



