সিলেটে কমল সাহিত্য পরিষদের আয়োজনে 'শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা' সফলভাবে আয়োজনের লক্ষ্যে লেখক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু। তিনি বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং লেখক-সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণই আয়োজনকে সফলতার দিকে এগিয়ে নেবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের সম্পাদক কবি মুহিত চৌধুরী, দৈনিক সুরমা মেইলের চীফ রিপোর্টার কবি মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক এমজেএইচ জামিল, সাংবাদিক ও ছড়াকার লোকমান আহমদ, সাংবাদিক রেজোয়ান আহমদ, সাংবাদিক এমরান ফয়সল, গীতিকার কয়েছ আহমদ, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, কবি নিশাত ফাতেমা প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন গ্রন্থমেলাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে 'শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা' সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণে গ্রন্থমেলাটি সফলভাবে সম্পন্ন হবে।
মেলার উদ্বোধন অনুষ্ঠান ৫ এপ্রিল রবিবার বিকেল ৪টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭ এপ্রিল মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচী, ৮ এপ্রিল বুধবার রচনা প্রতিযোগিতা, ৯ এপ্রিল বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা, ১০ এপ্রিল শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ এপ্রিল শনিবার ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল রোববার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘটবে।




প্রতিদিন প্রতিবেদক



