বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৬ ১২:২১:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সাউথ সুরমা ফিলিং স্টেশন গ্যাস দেওয়া বন্ধের চিত্র।
Share
5

প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযানে জরিমানার নামে চাঁদাবাজি ও নানাভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও গ্যাস বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা।


বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে দিকে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা।


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।


তারা জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘন ঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং কয়েকটি পাম্পে বড় অংকের জরিমানা আদায় ও মালিকদের হয়রানির প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।


তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।


এদিকে পাম্প মালিকদের এমন ঘোষণার পরপরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং পাম্পে চাহিদামতো জ্বালানি তেল না দেওয়ার প্রতিবাদে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় সড়কের মাঝখানে ট্যাংকলড়ি দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন ট্যাংকলড়ি শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে রাত ১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেন ট্যাংকলড়ি শ্রমিকরা।


অন্যদিকে, আকস্মিক এই সিদ্ধান্তে সিলেটজুড়ে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ বলেন, পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় ও চাঁদাবাজির অভিযোগে তারা বাধ্য হয়ে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।


তিনি আরও বলেন, পাম্প মালিকদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি