প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আগামী ৩০ এপ্রিল প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সিলেট এসে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনটি জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই স্টেডিয়ামেই উদ্বোধন হবে নতুন কুঁড়ি স্পোর্টস। যা চলতি বছর থেকেই প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে।
স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর স্বশরীরে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন করবেন। একইসময়ে সারাদেশে সব জেলায় একসাথে এটির উদ্বোধন হবে। এসময় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকলের সহযোগীতা চান প্রতিমন্ত্রী।
নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে বলে জানান তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে। ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের নামে গত ফ্যাসিস্ট সরকার মেঘা লুটপাট করেছে। সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ন দশাই তার প্রমাণ। জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য আমি সংশ্লিস্ট সবাইকে বলেছি।
প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এরআগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া দুপুর ১টায় তিনি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনসহ বিভিন্ন স্পোর্টস সংগঠনের প্রতিনিধিরা।




প্রতিদিন প্রতিবেদক



