বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সিলেটেও বাড়ছে হামের প্রাদুর্ভাব

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৬ ১৪:১৩:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সারাদেশের মতো সিলেটেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হাম রোগীর সংখ্যা। সিলেটে গত ৫ দিনে ৪৫ জনের দেহে এ রোগ সনাক্ত হয়েছে। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে ১৮ জন রোগী বাড়ি ফিরে গেছেন। বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের এখনো ভর্তি আছেন ২৭ জন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তিনজন শিশু।


শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মো. মিজানুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, হাম মোকাবিলায় হাসপাতাল সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ের জন্য ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে। নমুনা পাঠানো হচ্ছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে দেশে হামের পরীক্ষার প্রধান ল্যাব রয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ৪০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত মাসেই মারা গেছে ৩২ জন। বেসরকারি হাসপাতালসহ জেলা পর্যায়ের সার্বিক তথ্য বিবেচনায় এ সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুদের অনেকের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের সংক্রমণও ছিল। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৬৮৪ জন হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে। এর বাইরে হামের উপসর্গ নিয়ে কয়েক হাজার শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।


জানা গেছে, সিলেটের পাশাপাশি রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ-সহ বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ, চাঁপাইনবাবগঞ্জে চার, রাজশাহীতে তিন ও পাবনায় একজন শিশুর মৃত্যু হয়েছে।


বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের সংক্রমণের মতো জটিলতা সৃষ্টি করতে পারে।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিতে সিলেট মহানগরীর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের একটি ওয়ার্ডকে হামআইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ চিকিৎসক প্যানেল।


ডা. শামীম অযথা আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য রোগী ও রোগীর অভিভাবকদেরকে অনুরোধ জানিয়েছেন । যদি কেউ হামে আক্রান্ত হন, তবে নিজের এবং অন্যদের সুরক্ষার জন্য অবশ্যই আইসোলেশনে থাকবেন। সচেতনতা ও সতর্কতাই আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে।


তিনি বলেন, আশার কথা হলো এখনো হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এছাড়াও এ রোগে আক্তান্তদের জন্য সকল ধরণের ঔষধ ও অন্যান সরঞ্জাম বিনামূল্যে প্রদান করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি