নোয়াখালীর হাতিয়ায় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তাকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে বিটিভির এক প্রতিবেদকসহ এনসিপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে এসব হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে চরঈম্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে আসার পথে হান্নান মাসুদের গাড়ি বহরে থাকা বিটিভির প্রতিবেদক মিরাজ উদ্দিনের ওপর হামলা হয়। তারা মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এ সময় তারা মিরাজের সঙ্গে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককেও পিটিয়ে আহত করে।
এ ছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার তিন নং ওয়ার্ডের ওচখালী বাজারে। এই কেন্দ্রে হান্নান মাসউদের সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো. ফয়সালের ওপর হামলার ঘটনা ঘটেছে। আবদুল কাদের অভিযোগ করে বলেন হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক।
এ ছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। এদের মধ্যে চারজন ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসুদ এর স্ত্রী শ্যমলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোঁজ খবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় তিনি বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।
এই বিষয়ে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের ওপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারণে অনেক লোককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে তিনি শুনেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




প্রতিদিন ডেস্ক



