আসন্ন নির্বাচনে আলোচিত পর্যবেক্ষণ প্রতিষ্ঠান পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (পাশা)-এর পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে শফিকুল আলম বলেন, আগামী নির্বাচনে প্রায় ৬০ হাজার বাংলাদেশি এবং ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়া শতাধিক বিদেশি সাংবাদিকও ভোট পর্যবেক্ষণে থাকবেন।
স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান 'পাশা'র ১০ হাজার পর্যবেক্ষকের আবেদনের বিষয়টি নিয়ে প্রেস সেক্রেটারি জানান, প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ কার্ড বিতরণ বর্তমানে স্থগিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচন কমিশন তাদের নিজস্ব নিয়মের মধ্যে থেকে বিষয়টি হ্যান্ডেল করছেন।
উল্লেখ্য, হবিগঞ্জের চুনারুঘাটে নিজের বাসার একটি কক্ষকে সংস্থার কার্যালয় বানিয়েছে এক ব্যক্তিনির্ভর ওই সংস্থাটি। এটি সে অর্থে কার্যালয় নয়, মূলত সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীরের বাসা। লোকবল বলতে তিনি একজনই। অথচ এই সংস্থা এবারের সংসদ নির্বাচন ও গণভোটে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক দেওয়া হয়েছিলো।
এ বিষয়ে ইসি সূত্র জানায়, প্রতিবেদন প্রকাশের পর তারা ওই সংস্থাটিকে কীভাবে নিবন্ধন দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখে। তা ছাড়া এই প্রতিষ্ঠানের সক্ষমতা আছে কি না, তা মাঠপর্যায়েও খোঁজ নেয়। সেখান থেকে নেতিবাচক প্রতিবেদন আসে।




প্রতিদিন ডেস্ক



