ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন হওয়ার কথা। তবে শেষ সময়ে এসেও এ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শাকসু স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। একই দাবিতে রোববার ঢাকায় নির্বাজন কমিশন কার্যালয় ঘেরাও করে ছাত্রদল।
এদিকে, এসব তৎপরতাকে শাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আখ্যা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিবির সমর্থিত প্যানেলসহ শিক্ষার্থীদের অনেকে। যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
এরআগে নির্বাচন কমিশন থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরণের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দেয়। এর প্রতিবাদেও আন্দোলনের নামেন শিক্ষার্থীরা। পরে ঢাকায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন শাবিপ্রবি উপাচার্য। বৈঠকে কিছু শর্তে শাকসু নির্বাচনের অনুমতি দেওয়া হয়।
এরপর গত বৃহস্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এরমধ্যে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়।’
শাকসু নির্বাচন স্থগিতের রিটের খবর পেয়ে শিক্ষার্থীরা বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন এবং পরবর্তীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ২০ তারিখেই নির্বাচনের দাবি জানান।
এ ব্যাপারে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ছাত্রদল বারবার নির্বাচন বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। কারণ তারা নির্বাচন চায় না। তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটে ভয় পায়। নির্বাচন বাধাগ্রস্থ করে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়।
তিনি বলেন, আমরা নভেম্বরে নির্বাচন চেয়েছিলাম। ছাত্রদলের দাবি মেনেই জানুয়ারিতে নির্বাচন পেছানো হয়েছে। এখন আমরা যথাসময়ে শাকসু নির্বাচন চাই। কোন ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। কারণ শিক্ষার্থীরা নির্বাচন চায়।
তবে শাকসুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস বলেন, আমরা নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার রাতেই প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হবে।




শাবিপ্রবি প্রতিনিধি



