মাত্র একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। সোমবার (২১শে মার্চ) নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যেই প্রস্তুতি চালাচ্ছেন তারা। ইতিমধ্যে শুরু হয়েছে সম্মেলনের জন্য মাঠ পরিচর্যা ও প্যান্ডেল তৈরির কাজ।
কিন্তু একটি দলীয় অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছে সিসিকের পানির গাড়ি, মালবাহী ট্রাকসহ ও কর্মীরা।
শনিবার আলীয়া মাদ্রাসা মাঠে সরেজমিন গিয়ে দেখা যায়, সম্মেলন সফল করতে শুরু হয়েছে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ। কিন্তু এতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে সিসিকের কর্মচারীরা। এছাড়াও মাঠে পানি ছিটানোর কাজেও ব্যবহার করা হচ্ছে সিসিকের পানির গাড়ি।
দলীয় একটি অনুষ্ঠানে সরকারি জনবল ও কাঠামো ব্যবহার করায় ক্ষোভ দেখা দিয়েছে সচেতন মহলে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দলীয় কাজে সরকারি গাড়ি ও সিসিকের কর্মচারী ব্যবহার করছেন বলে মনে করছেন তারা। তাদের অভিমত সিসিকের গাড়ি ও জনবল কাজে লাগিয়ে বিএনপির বন্দনা করা হচ্ছে।
এব্যাপারে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, সরকারি জনবল ও কাঠামো কোন দলীয় কাজে ব্যবহার করা কাম্য নয়। দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন কাজ কি ক্ষমতার অপব্যবহার নয়?
এদিকে শেষ সময়ে বিএনপি’র পদপ্রত্যাশী নেতারা ছুটে চলেছেন কাউন্সিলর দের দ্বারে দ্বারে। শেষ সময়ে দৌড়াচ্ছেন প্রার্থীরা। এবার সিলেট জেলা বিএনপির সম্মেলনে কেবলমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হলেন তিনজন, সাধারণ সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন। এবারের কাউন্সিলে ভোটার সংখ্যা ১৮১৮ জন।
কমিশনের সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ জানিয়েছেন-কাউন্সিলে সভাপতি পদে আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম ও আব্দুল কাইয়ূম চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে- আলী আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মো. আব্দুল মান্নান, কামরুল হাসান চৌধুরী শাহীন, আফম কামাল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন মো. শামীম আহমদ, মো. লোকমান আহমদ, এম মুজিবুর রহমান মুজিব এডভোকেট এবং শাকিল মোর্শেদ।
তবে শনিবার (১৯মার্চ) বিকেলে সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ খান জামাল'র প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৯ মার্চ) বিকাল তিনটায় সিলেট জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করার জন্য আব্দুল গাফফার'র নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেন।




সাকিব আল মামুন



