গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৮ ব্যক্তি পাচ্ছেন ‘পল্লীবন্ধু পদক’। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিরক্ষায় প্রতি বছর ‘পল্লীবন্ধু পদক’ দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।প্রতি বছর এরশাদের জন্মদিনে এই পদক দেয়া হবে।
গত বছর এই পদক দেয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি দিতে পারেনি দলটি। আগামী ২০ শে মার্চ এরশাদের জন্মদিনে স্বাস্থ্য, সাহিত্য, কৃষি, সংগীত, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া এবং শিল্প খাতে অবদান রাখার জন্য দেশের আট ব্যক্তিকে ‘পল্লীবন্ধু পদক-২০২১’ দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এই পদকে যে আটজন মনোনীত হয়েছেন, তাদের নাম প্রকাশ করেছে দলটি।
এবার স্বাস্থ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যে কবি ফজল শাহাবুদ্দিন (মরণোত্তর), কৃষিতে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর), ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সারওয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল পুরস্কার পাচ্ছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।




প্রতিদিন ডেস্ক



