রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ না করলেও ইউক্রেনকে একের পর এক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ইউক্রেনকে এবার ১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এর আগে গত সপ্তাহে কংগ্রেসে ইউক্রেনের জন্য ১৪ বিলিয়ন ডলারের তহবিল পাস হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে জানা যায়, যুক্তরাজ্যের দেওয়া অর্থ দিয়ে বিমান ও সাঁজোয়া যানবিধ্বংসী স্টিঙ্গার ও জ্যাভেলিনের মতো অস্ত্র কেনা হবে।
ইউক্রেনের সংকটে এই প্রথম যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দিচ্ছে না। এর আগে ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করলে ইউক্রেনকে আড়াই বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক ৩৫০ মিলিয়ন ডলারের সর্বশেষ অস্ত্রের চালান অনুমোদন করা হয়।
ইউক্রেনের সংকটকালীন সময়ে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন সরাসির যুদ্ধে না এলেও, একের পর এক সহায়তা দিয়ে যাচ্ছে। সম্প্রতি পোল্যান্ড নিজেদের কাছে থাকা রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র থেকে এ ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে ইউক্রেনকে সহায়তা করায় বারবার রাশিয়া পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আসছে। মস্কো জানিয়েছে, সামরিক সহায়তা করলে পরবর্তীতে তারা সেসব সামরিক বহরের চালানেই হামলা চালাবে।




প্রতিদিন ডেস্ক



