সিলেটের বিশ্বনাথে মানসিক ভারসাম্যহীন মহিলার ভূমিষ্ঠ হওয়া সেই শিশু কন্যাটির অবশেষে ঠাঁই হলো ছোটমণি নিবাসে। রোববার বিকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান সিলেটের বাঘবাড়ির ছোটমণি নিবাসে ওই শিশু কন্যাকে হস্তান্তর করা হয়।
এ সময় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় নিজের ব্যক্তিগত পক্ষ থেকে শিশুটিকে নতুন জামা ও বেডিং উপহার দেন।
শিশুটিকে ছোটমণি নিবাসে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার কামররুল ইসলাম।
আরও পড়ুন : বিশ্বনাথে মা হয়েছে পাগলি! দত্তক দেয়ার জন্য ইউএনও’র স্ট্যাটাস
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিশুটিকে দত্তক নিতে কেউই উপযুক্ত কাগজপত্র দিয়ে আবেদন করেননি। তাই শিশুটিকে ছোটমণি নিবাসে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৃথিবীর আলো আর পাগলি মায়ের দুঃখী মুখ দেখে তার জন্ম হয় পৌরসভার নতুন বাজারের প্রবাসী চত্বরের পাশে থাকা যাত্রী ছাউনির ভেতরে; কিন্তু জন্ম নেওয়া হতভাগা এই কন্যা সন্তানের বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি।




বিশ্বনাথ প্রতিনিধি



