সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

রোদ্দুর মাঠে কৃষকের মুখে প্রশান্তির ছায়া

  • প্রকাশের সময় : ০৪/০৫/২০২৫ ০২:০৪:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
76

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শেষের পথে বোরো ধান কাটার মৌসুম। মাঠে রোদ্দুর আর কৃষকের মুখে প্রশান্তির ছায়া। এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের জয়ের গল্প। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী হাওরে এখন পর্যন্ত প্রায় ৯৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।


বোরো মৌসুমের শুরুটা যতটা মসৃণ ছিল, মাঝপথে ততটাই অনিশ্চয়তায় পড়েছিল কৃষকের মন। আবহাওয়া ছিল কিছুটা অস্থির।একদিন রোদ, পরদিন হঠাৎ বৃষ্টি। হাওরের মাঠে দাঁড়িয়ে ধান যখন পাকতে শুরু করেছে, তখন এ ধরনের বৃষ্টিপাত কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি করেছিল। তবে রোদের দেখা মেলায় সেই শঙ্কা কাটিতে সোনার ফসল ঘরে তুলতে পেরে স্বস্তি ফিরেছে কৃষকদের মনে৷ এখন কাটা ধান মাড়াই, শুকানোতেই ব্যস্ততা হাওরজুড়ে।


উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, এবছর শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ২২ হাজার ৬১২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ  হয়েছে। এরমধ্যে হাওরে ১৮ হাজার ৩৯৭ হেক্টর ও নন-হাওরে ৪ হাজার ২১৫ হেক্টর৷ এ বছর ধান উৎপন্ন হবে ১ লাখ ৪৩ হাজার ৫৮৩ মেট্রিকটন এবং চাল ৯৪ হাজার ৭৬৫ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৪৩০ কোটি টাকার উর্ধে।


দেখার হাওরের কৃষক দেলোয়ার হোসেন বলেন, বৃষ্টি বেশি অইছেনা, কিন্তু সময় অসময়ে অইছিল। তাই ভয় লাগছিল ধান ঘরে তুলতাম পারমু কিনা। সবতার পড়ে এখন ধান ঘরো তুইল্লা ভালা লাগের।


আরেক কৃষক রফিক মিয়া বলেন, আমরা গরিব মানুষ, ধানটাই আসল সম্বল। আল্লাহর রহমতে এবার ফলন ভালো, আর রোদও ঠিকঠাক আছে। ধান শুকায়া ঘরে তুলতেছি। শান্তি লাগের।


শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, শঙ্কা কাটিয়ে কৃষকরা তাদের সোনার ফসল ঘরে তুলতে পেরে খুশি। ইতিমধ্যেই হাওরে ৯৫ শতাংশ ধান কাটা শেষ। আর অল্পদিনের মধ্যেই শতভাগ ধান কাটা শেষ হয়ে যাবে। ধানের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি