সিলেটে বিশৃঙ্খলা ধাক্কাধাক্কিতে ক্ষুব্ধ হয়ে বয়ান অসম্পূর্ণ রেখেই মোনাজাতের মাধ্যমে মাহফিল ত্যাগ করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজহারীর বয়ান চলাকালে মাহফিলের একদম সামনে কিছু লোক ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়, অনেক রিকোয়েস্ট করে শান্ত করতে না পেরে মিজানুর রহমান আযহারি বিরক্ত হয়ে, বক্তব্য শেষ না করেই 'সিলেট আজকে কী করছো এটা মনে থাকবে' বলে দোয়া পড়ে বিদায় নেন।
এর আগে বয়ান চলাকালে ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, দেশে আমরা চাঁদাবাজি-দখলবাজি চাই না। এ দেশে কোনো দুর্নীতি ও টেন্ডারবাজিও আমরা চাই না।
তিনি বলেন, আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্তি জানতে পারি, তার আগে কিন্তু জানতে পারি না। প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি। তাই এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। এটাই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশে। এ সময় আমরা যেন কাঁদা ছোঁড়াছুড়ি না করি।




প্রতিদিন প্রতিবেদক



