সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সিলেট মধ্যরাতে জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক আটক

  • প্রকাশের সময় : ০১/১১/২০২৫ ০৩:১৪:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
68

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। 


শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে নগরের আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিপিবি সিলেটের সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।


বেদানন্দ ভট্টাচার্য জানান, শুক্রবার গভীর রাতে পুলিশ এসে আনোয়ার হোসেন সুমনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, সুমনের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


এ বিষয়ে জানতে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মবশ্বির আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই বিষয়ে গণমাধ্যমের দায়িত্বে থাকা অতিরিক্ত উপপুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে হবে।” তবে মধ্যরাতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আনোয়ার হোসেন সুমন সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। ব্যাটারি রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার সিলেট নগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। ওই বিক্ষোভে সুমনও উপস্থিত ছিলেন এবং আন্দোলনকারীদের পক্ষে সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনাতেও অংশ নেন। আলোচনায় শ্রমিকরা রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন এবং দাবি পূরণ না হলে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।


কিন্তু রোববারের কর্মসূচির আগের রাতেই সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনকে আটক করা হলো।


এদিকে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে “তৃতীয় পক্ষ” ইন্ধন দিচ্ছে। তিনি আরও জানান, পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় শ্রমিকদের রোববারের অনশন কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত ওই অভিযানে বহু রিকশা জব্দ করা হয় এবং বেশ কয়েকটি চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই নগরে ব্যাটারি রিকশা চলাচল কার্যত বন্ধ রয়েছে।


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি