সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে পতিতালয়ে বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এক কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে এসএমপির শাহপরান থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে সোমবার (২৮ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে দুই কিশোরীর প্রতিবেশি অভিযুক্ত শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করেছে শাহপরান (রহঃ) থানা পুলিশ।
পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু দুই কিশোরীকে কক্সবাজার পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ভিকটিমদের কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
পরবর্তীতে দুই কিশোরী সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তাদের সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রোববার দিবাগত রাতে শাহপরান (রহঃ) থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। পরে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা পীরের বাজার টিকেরপাড়া এলাকা হতে মামলার প্রধান আসামি শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার বিকেলে জানান, গ্রেফতার স্বামী-স্ত্রীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



